এলপিজির বাজারে সিন্ডিকেট ভাঙতে এবার মাঠে আসছে নতুন খেলোয়াড়!
পাইপলাইনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ধারাবাহিকভাবে কমে যাওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে; এমনকি অনেক এলাকায় বাসাবাড়িতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার ঝুঁকিও রয়েছে।
এই বাস্তবতায় বেসরকারি কোম্পানিগুলোর আধিপত্য ও কথিত সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে বড় পরিসরে নামছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সরকারি উদ্যোগে মোংলা ও এলেঙ্গায় নতুন এলপিজি বোটলিং প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেড় বছরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক কাজী মুহাম্মদ সাইদুল হাসান জানিয়েছেন, ঢাকায় প্রতিদিন প্রায় ১৮ কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হলেও সরবরাহ মিলছে মাত্র ১৬ কোটি ৮০ লাখ ঘনফুট। আগে যে পরিমাণ গ্যাস রাজধানীতে প্রবেশ করত, এখন তার তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ কম আসছে।
শুধু আবাসিক নয়, শিল্পখাতেও গ্যাস সংকটের প্রভাব স্পষ্ট। বিশেষ করে গাজীপুর, সাভার, আশুলিয়া, মানিকগঞ্জ ও রূপগঞ্জের শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক কারখানা আংশিকভাবে চালাতে বাধ্য হচ্ছে।
Comments
Post a Comment