মন্ত্রিসভায় যাচ্ছে নবম পে-স্কেল, যে হারে বাড়বে বেতন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। সচিব কমিটির সর্বশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য অর্থ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেতন বৃদ্ধি, ভাতা কাঠামো, বাস্তবায়ন পদ্ধতি এবং পরবর্তী প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেলে সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীর বেতন একই হারে বাড়ানো হবে না। নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন তুলনামূলক বেশি বাড়ানোর প্রস্তাব রয়েছে। এ ছাড়া আগের সুপারিশ অনুযায়ী কিছু ক্ষেত্রে মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়টিও আলোচনায় এসেছে।
বৈঠকে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা কার্যকর করতে প্রয়োজনীয় একাধিক বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) জারির বিষয়েও আলোচনা হয়েছে।
কর্মকর্তারা জানান, পে-স্কেল বাস্তবায়নে তাড়াহুড়া করা হবে না। প্রতিটি প্রস্তাবের আর্থিক প্রভাব, প্রশাসনিক সক্ষমতা এবং আইনগত দিক পর্যালোচনা করেই চূড়ান্তসুপারিশ তৈরি করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, চলতি জুলাই মাসের শেষ নাগাদ সচিব কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেবে। এর আগে আরও দুটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকগুলোতে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত, সরকারের আর্থিক সক্ষমতা, বাস্তবায়ন কৌশল এবং ধাপভিত্তিক কাঠামো নিয়ে আলোচনা হবে।
চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভায় উপস্থাপনের পর প্রয়োজন অনুযায়ী পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করা যাবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন, আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে নবম জাতীয় পে-স্কেল কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, বেসামরিক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্যও পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।
উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের জন্য গত ২১ এপ্রিল ১০ সদস্যের একটি সচিব কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এর সভাপতি। এর আগে জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন নবম জাতীয় বেতন কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছিল।
news24bd.tv/কেআই
Comments
Post a Comment